হ্যাকারদের কাছে ৫ লাখ ভিডিও বিক্রি করেছে জুম

১৫ এপ্রিল, ২০২০ ১৬:৪৮  
নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্কের মুখেই ভিডিও বিক্রির অভিযোগ উঠলো ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম এর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ৫ লাখ ৩০ হাজার ভিডিওর লগইন হ্যাকারদের হাতে তুলে দিয়েছে জুম। নামমাত্র মূল্যে এসব ভিডিও বিক্রি করা হয় এবং অনেক ক্ষেত্রে বিনা মূল্যেই দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাইবার নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্ম সাইবলের বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, এসব ভিডিও কিনেছে গোপন একটি হ্যাকিং ফোরাম। চুরি যাওয়া ক্রেডেনশিয়ালের মধ্যে সাইবলের কিছু কর্মীর তথ্যও রয়েছে। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত সার্ভার ইউআরএল এবং জুম হোস্ট কি। এই ক্রেডেনশিয়ালগুলো সঠিক বলেও নিশ্চিত করেছে সাইবল। এদিকে চুরি যাওয়া কিছু অ্যাকাউন্টের মালিকের সঙ্গে যোগাযোগ করেছে ব্লিপিং কম্পিউটার। পাসওয়ার্ডগুলো সঠিক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম অফিস জনপ্রিয় হয়ে উঠে। তবে এর মধ্যে এই কনফারেন্সিং সেবা যান্ত্রিক ত্রুটির কারণে সমালোচনার শিকার হয়। এরপর অভিযোগ উঠে, আমন্ত্রিত নন এমন গ্রাহকও সভায় ঢুকে পড়ছেন।